বিএনপির মানসিকতা পরিবর্তনের আহ্বান জিয়াউদ্দিন বাবলুর
বিএনপিকে মনমানসিকতা পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের কোতোয়ালি-বাকলিয়া আসনের সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত বিএনপি বলেছে ভোট সুষ্ঠু হয়েছে। ফল ঘোষণা শুরু হলে সুর পাল্টে যায় বিএনপির। নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দলটি। এ আচরণ গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বাকলিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মীর আবু সালেহ সামশুদ্দিন। অনুষ্ঠানে জাতীয় পার্টির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শফিকুর ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যেতে রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব রয়েছে। বিএনপিকে আরও সচেতন হতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতি মানতে হবে। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। বিএনপির কথা হচ্ছে বিচার মানি, তালগাছ আমার।
শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন বলেন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের সিঁড়ি। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে সৃজনশীল কাজে যুক্ত হতে পারে, সে জন্য শিক্ষকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।