বিএনপির মিছিলে পুলিশের বাধা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে নীলফামারীতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। একই দিন গাইবান্ধায় জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে বিএনপি সমাবেশ করেছে।
নীলফামারী জেলা বিএনপি গতকাল বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পৌর বাজারের সামনে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি জহুরুল, সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মাসুদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযম প্রমুখ।
বক্তারা স্বাধীনতা পদক প্রত্যাহার ও জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর তীব্র নিন্দা জানান।
এদিকে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল দুপুরে মিছিল বের হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান, জেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন, জেলা বিএনপির সদস্য হানিফ বেলাল প্রমুখ।