জাতীয় জাদুঘর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার নোয়াখালী ও খাগড়াছড়িতে আয়োজিত বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, গতকাল সকালে নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করার কথা ছিল জেলা বিএনপির। পরিকল্পনা অনুযায়ী সকাল ১০টা থেকে দলীয় নেতা-কর্মীরা আইনজীবী সমিতি মিলনায়তন এলাকায় জড়ো হন। কিন্তু পুলিশের বাধায় তাঁরা বিক্ষোভ মিছিল বের করতে পারেননি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের প্রথম আলোকে বলেন, সকাল থেকে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ করা সত্ত্বেও বিএনপিকে বিক্ষোভ মিছিল করতে দেওয়া হয়নি। পরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান নেতা-কর্মীদের নিয়ে আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, বিএনপি নেতা ফিরোজ আলম, শহীদুল ইসলাম, সলিম উল্যাহ্।
বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মানুষজন এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। এই সময় শহরে মিছিল বের করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই মিছিল করতে দেওয়া হয়নি।’
এদিকে খাগড়াছড়ি শহরের দলীয় কার্যালয় থেকে বিএনপির বের করা মিছিল মূল সড়কে ওঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে তাঁর কলাবাগান এলাকার বাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ওই এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে মহানায়ক জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে। স্বাধীনতা পদক অপসারণ করে শহীদ জিয়ার নাম মুছে দেওয়া যাবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক মংসাথোআই চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক এম এন আফসার প্রমুখ।