বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির পক্ষ থেকে ঘোষণা থাকলেও আজ সোমবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়নি। এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠান আয়োজনে ছিল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মুক্তিযোদ্ধা দল দাবি করেছে, অনুষ্ঠানস্থলের অনুমতি বাতিল হওয়ায় অনুষ্ঠান হয়নি। আগামী বুধবার জাতীয় প্রেসক্লাবে ছোট পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে। তবে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, এই অনুষ্ঠানের যথাযথ প্রস্তুতি ছিল না। চেয়ারপারসনের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টিও ছিল আলোচনার পর্যায়ে।

গত ১৩ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেদিন তিনি জানিয়েছিলেন, ২৭ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এতে খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।

অনুষ্ঠান কেন হয়নি—জানতে চাইলে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ প্রথম আলোকে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তিন দিন আগে তাদের জানায়, ২৭ তারিখ অনুষ্ঠান করা যাবে না। পরদিন করতে হবে। কিন্তু ২৮ মার্চ বিএনপির চেয়ারপারসনের আদালতে হাজিরা আছে। এ কারণে তারা অনুষ্ঠান করছেন না। তবে ছোট পরিসরে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা হবে। তিনি দাবি করেন, যথাযথ প্রস্তুতি না থাকায় অনুষ্ঠান হচ্ছে না, এটি ঠিক নয়। আগামী মাসে বিএনপির চেয়ারপারসনকে নিয়ে একটি অনুষ্ঠান করা হবে বলেও তিনি জানান।