বিএনপির মেয়র প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে 'হুমকি'
বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউবকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার ভোরে পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদে ওই কাপড় পাঠিয়ে আইউবকে কথিত হুমকি দেওয়া হয়। এতে তাঁকে নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা কাফনের কাপড় ও হুমকিসহ একটি প্যাকেট উদ্ধার করেছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, সকাল সাতটার দিকে প্যাকেটটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে ঘটনাটি তদন্ত করছে।
ওই মসজিদের মুয়াজ্জিন মো. মাইনুদ্দিন বলেন, ফজরের আজান দিতে মসজিদে প্রবেশ করে একটি প্যাকেট দেখতে পান তিনি। পরে বিষয়টি অন্যদের জানানো হয়। এরপর পুলিশ আসে।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আজ দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী আইউব। তিনি বলেন, কাফনের কাপড় পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাঁকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। প্রতিপক্ষ এ কাজ করে থাকতে পারে বলে তাঁর ধারণা। এই হুমকিতে তিনি ভীত নন।
রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, পুলিশের মাধ্যমে ঘটনাটি শুনেছেন তিনি। পুলিশ তদন্ত করছে।