বিএনপির মেয়র প্রার্থীকে সতর্কীকরণ নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আ. শুকুর শেখকে সতর্কীকরণ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর স্বাক্ষরিত সতর্কীকরণ নোটিশটি শুকুর শেখের কাছে পৌঁছে দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় একটি কলেজে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যাচার করে পৌরসভার নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হয়েছে। বিষয়টি তাঁর (রিটার্নিং কর্মকর্তার) দৃষ্টি গোচর হয়েছে। সংবাদ সম্মেলনে শুকুর শেখ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন, গত ৬ ডিসেম্বর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কিত একটি অভিযোগপত্র নিয়ে গেলে ইউএনও বিভিন্ন অজুহাতে তা গ্রহণ করেননি। এ ব্যাপারে নোটিশে বলা হয়, কোনো অভিযোগ নিয়ে কেউ রিটার্নিং কর্মকর্তার কাছে যায়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ সম্মেলন করে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়েছে তা আইন ও বিধিবহির্ভুত এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনি ও আপনার নেতা-কর্মীরা বিভিন্ন মিথ্যা ও উসকানিমূলক তথ্য পরিবেশন করে পৌরসভার নির্বাচনের সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছেন। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে শুকুর শেখ সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার দেওয়া সতর্কীকরণ নোটিশ বৃহস্পতিবার রাতেই পেয়েছি। এ ব্যাপারে আমার আর কিছুই বলার নাই।’