বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পিরোজপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আ. রাজ্জাকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বরূপকাঠিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মেয়র প্রার্থীর ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়। আজ রোববার মনোনয়নপত্র বাছাই শেষে তাঁদের মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
পিরোজপুর পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আ. রাজ্জাকের জন্ম তারিখে গরমিল রয়েছে। এ ছাড়া ভোটার তালিকায় তাঁর নাম ‘আ. রাজ্জাক’। অথচ তিনি হলফনামায় বলেছেন ‘আমি আব্দুর রাজ্জাক’। আ. রাজ্জাকের মনোনয়নপত্রে সমর্থনকারী তাঁর স্ত্রী একজন সরকারি চাকরিজীবী। এসব কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি ইচ্ছে করলে জেলা প্রশাসক ও উচ্চ আদালতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই পৌরসভায় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন দুজন মেয়র প্রার্থী রয়েছেন। একজন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান। আরেক জন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান।
এ ছাড়া পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মজনু তালুকদার পৌরসভার ঠিকাদার হওয়ায় তাঁর মনোনয়নও বাতিল করা হয়।
অন্যদিকে স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক প্রথম আলোকে বলেন, স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনে এনপিপি মনোনীত মেয়র প্রার্থী ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বরূপকাঠিতে আওয়ামী লীগের জি এম কবির ও বিএনপির শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।