বিএনপির মেয়রপ্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীর সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনের চালানো ওই হামলায় দুজন আহত হন দাবি করা হয়েছে।
বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী ওয়ারেছ আলী বলেন, পৌর শহরের বিভিন্ন এলাকায় তাঁর প্রায় ২০ জন সমর্থক প্রচারণায় চালাচ্ছিলেন। তাঁরা শহরের হরিজন পল্লি মোড় এলাকায় প্রচারণার সময় প্রতিপক্ষের সমর্থকেরা প্রায় ১৫ টি মোটরসাইকেলে করে সেখানে গিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় তাঁর সমর্থক ও সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান বাদশা ও বিএনপির কর্মী আনোয়ার হোসেন আহত হন। আহতদের সঙ্গে থাকা সমর্থকেরা কোনো রকমে পালিয়ে রক্ষা পান। তাঁর ধারণা, প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলার খবর ভিত্তিহীন। বিএনপির প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বিএনপির প্রার্থী ওয়ারেছ আলী মুঠোফোনে তাঁর সমর্থকদের ওপর হামলার বিষয়ে জানিয়েছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।