বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর স্ত্রী হাসিনা আহমদ গতকাল বুধবার রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে জানান, এক দিন আগে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। একটি সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমদকে আটক করা হয়েছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টার পর সালাহ উদ্দিন আহমদ মুঠোফোনে স্ত্রী হাসিনা আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে জানা গেছে। কিন্তু কোনো কথা হয়নি। এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেননি।
হাসিনা আহমদ বলেন, ‘রাত ১০টা ৮ মিনিটে সালাহ উদ্দিন আহমদ ফোনে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি। এরপর বারবার চেষ্টা করি, কিন্তু ফোনে ঢুকতে পারছিলাম না। আমি ভেবেছিলাম নেটওয়ার্কের সমস্যা। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর দলের লোকজনের সঙ্গে যোগাযোগ করে বিকেলে নিশ্চিত হই তিনি নিখোঁজ।’
বিএনপির দলীয় সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমদ উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে থাকতেন। বাড়ির মালিক তাঁর দূরসম্পর্কের আত্মীয় বলে জানান হাসিনা আহমদ। মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির সামনে ২০-২৫ ব্যক্তি সশস্ত্র অবস্থান নেন। এ খবর তৎক্ষণাৎ বাড়ির কর্মচারীরা মালিককে জানান। কিছু সময় পর অস্ত্রধারীরা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করলে কর্মচারীরা ফটক খুলে দেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয়। ভয়ে বাড়ির মালিক রাতে আর বাসায় ফেরেননি। সকালে তিনি বাসায় ফিরে জরুরি কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যান।
রাত নয়টার দিকে বিএনপির এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, তাঁরা জানতে পেরেছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি, র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২০-৩০ জনের একটি দল সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে বাসায় কর্মরত একজন পুরুষ এবং একজন নারী কর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকে তাঁর পরিবারের সদস্যরা এবং রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সালাহ উদ্দিন আহমদকে আদালতে হাজির করা হয়নি, এমনকি গ্রেপ্তারের কথাও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এতে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিন আহমদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এবং দলের পক্ষ থেকে তিনি কর্মসূচি ঘোষণা ও বিবৃতি দিয়ে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে সালাহ উদ্দিন আহমদসহ গ্রেপ্তার অপর দুজনের মুক্তি এবং বিরোধী রাজনৈতিক নেতাদের এভাবে গোপনে তুলে নেওয়ার মতো বেআইনি ও স্বৈরাচারী কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এর আগে সালাহ উদ্দিন আহমদের বাসার কেয়ারটেকার ও দুজন গাড়িচালককে গ্রেপ্তার করে তিন দিন পর আদালতে হাজির করা হয়। 

পেকুয়ায় ৩৮ যানবাহন ভাঙচুর
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আটকের খবরে তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় ৩৮টি যানবাহন ভাঙচুর করেছেন ছাত্রদল ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকায় বাস, পিকআপ, অটোরিকশা ভাঙচুর চলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমদকে আটকের খবরে রাত সাড়ে নয়টায় পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদের নেতৃত্বে পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। তারা বাজারে অন্তত ১৫টি যানবাহনে ভাঙচুর চালায়। পরে যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেন। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
একই সময়ে বরইতলী-পেকুয়া সড়কের সাঁকোরপাড় স্টেশনে অন্তত আটটি যানবাহন ভাঙচুর করেন বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া বাঘগুজারার নন্দীরপাড়া স্টেশনে তিনটি, পেকুয়া বাজারের পশ্চিম পাশে তিনটি, মগনামা ঘাট স্টেশনে চারটি, চৌমুহনী স্টেশনে পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে ওই সব এলাকার লোকজন জানিয়েছেন।
পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট দাবি করেন, দমন-পীড়নের জন্য সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত অন্দোলন চলবে। তিনি পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারসহ উপজেলায় ২৪টি গাড়ি ভাঙচুরের কথা স্বীকার করেছেন।
উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা গুলি ছুড়ে বাজারে আতঙ্ক তৈরি করেন। তাঁরা উপজেলায় ৫০টির বেশি গাড়ি ভাঙচুর করেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, কতটি যানবাহন ভাঙচুর করা হয়েছে এখনো তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে রাত সাড়ে ১০টায় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান।