চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১২ ইউনিয়নের মধ্যে নয়টিতেই বিএনপির কোনো চেয়ারম্যান পদপ্রার্থী নেই। এঁদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘চাপের মুখে’ সাতজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের আট চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। ওই আট ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন মোহনপুরে সামছুল হক চৌধুরী ওরফে বাবুল, এখলাছপুরে মোসাদ্দেক হোসেন মুরাদ, ষাটনলে একে এম শরীফ উল্যাহ সরকার, ইসলামাবাদে সাজেদুল হাসান বাবু, বাগানবাড়িতে মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্লাপুরে লোকমান আহমেদ মুন্সী, দুর্গাপুরে দেওয়ান আবুল খায়ের ও ফতেপুর পশ্চিম ইউনিয়নে নূর মোহাম্মদ।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৩ মে জেলা নির্বাচন কার্যালয়ে ১২ ইউনিয়নে দলের ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয় দেখিয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সলিমুল্লাহ ওরফে লাবলুর মনোনয়নপত্র ছিনিয়ে নেন। পরে তিনি মনোনয়নপত্রের ফটোকপি জমা দেন। বাছাইয়ের সময় তাঁর এবং ইসলামাবাদ ইউনিয়নে বিএনপির প্রার্থী আলাউদ্দিন মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
ওই সূত্র জানায়, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের চাপ ও হুমকির মুখে সাত ইউনিয়নে দলের সাত চেয়ারম্যান প্রার্থী গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন নয় ইউনিয়নেই বিএনপির কোনো প্রার্থী নেই। চাপের মুখেও দলের তিনজন চেয়ারম্যান প্রার্থী এখনো টিকে আছেন। তাঁরা হলেন জহিরাবাদ ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. সোলাইমান, ফরাজীকান্দিতে আবদুল লতিফ ও ফতেপুর পূর্ব ইউনিয়নে তোফায়েল হোসেন পাটোয়ারী।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী তোফায়েল হোসেন পাটোয়ারী বলেন, ‘চাপ ও হুমকি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব।’ তবে নানাভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। প্রচারণায় ‘অফ’ থাকার জন্যও তাঁকে বলা হচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক ওরফে জিতু প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্রমাগত চাপের মুখে তাঁর দলের সাতজন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। এখন বাকি আছেন তিনজন। তাঁদেরও ‘বশ’ বা অফ করার চেষ্টা চলছে। এ অবস্থায় তাঁরা শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ বলেন, তাঁর দলের নেতা-কর্মীরা বিএনপির কোনো প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেননি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।