বিএনপির রফিকুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল সোমবার ওই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১৬ জনের মধ্যে রফিকুল ইসলাম মিয়া ছাড়া উল্লেখযোগ্য অন্যরা হলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী ও আবদুল কাদের।
চলতি বছরের ২৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে সড়কে শিকড় পরিবহনের একটি মিনিবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ওই মিনিবাসের চালক জাকির হোসেন বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পল্লবী থানার পুলিশ তদন্ত শেষে ৩০ এপ্রিল রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি তদন্ত করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে রফিকুল ইসলামসহ ১৬ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। রিজভীসহ মামলার বাকি পাঁচজন আসামি জামিনে রয়েছেন। রিজভী অন্য মামলায় কারাগারে আটক আছেন।