বিএনপির রাজনীতি অসত্যের ওপর দাঁড়িয়ে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় বক্তব্য দেন। চট্টগ্রাম, ২৭ আগস্ট
ছবি: সংগৃহীত

বিএনপিকে অসত্য ও মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, সম্পূর্ণ মিথ্যা এবং অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে।

তথ্যমন্ত্রী আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্টে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, মিথ্যা আর অসত্যের ওপর রাজনীতি করে বেশি দিন টিকে থাকা যায় না, এটিই হচ্ছে ইতিহাসের শিক্ষা। তাহলে হয়তো বিএনপির আজকের যে অবস্থা, সেটা থেকে তারা মুক্তি পেতে পারে।

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন, চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের কোনো লাশ নাই। সেটি যখন প্রধানমন্ত্রী বললেন, তখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন। অবশ্য সেটা না দিলে তাঁর মহাসচিব পদ থাকে কি না, সেটাও একটা ব্যাপার।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমি তো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেওয়া হয়েছিল। সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি, একটা বাক্স দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী বর্তমানে সেই ইউনিয়নের চেয়ারম্যান কুতুব উদ্দিন, তিনিও আমাকে জানিয়েছেন, “আমরা জিয়াকে দেখি নাই”। সে সময়ের আরও অনেকেই জীবিত আছে, তথাকথিত প্রথম কবরেও আসলে জিয়াউর রহমানের লাশটা কেউ দেখে নাই। এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও দেখে নাই। জিন কিংবা ভূতে দেখেছে কি না আমি জানি না।’

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছেন। তাঁরা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালান। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের তথাকথিত কবরে যান তাঁরা, কোন সময় কারও বিয়ে ও কর্ণছেদন অনুষ্ঠান উপলক্ষেও তাঁরা জিয়াউর রহমানের কবরে যান, সেটাই এখন চিন্তার বিষয়। সেখানে গিয়ে আবার তাঁরা মারামারি করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে খাটো করার অনেক অপচেষ্টা হয়েছে, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ইতিহাসের পাতা থেকে তাঁকে নির্বাসিত করার চেষ্টা হয়েছিল। রেডিও, টেলিভিশন, রাষ্ট্রীয় প্রচারযন্ত্র থেকে বঙ্গবন্ধুকে বাদ দেওয়া হয়েছিল।

স্বাধীনতার খলনায়ক পাকিস্তানিদের দোসর জিয়াউর রহমানকে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। অথচ জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, অনেক বাঙালি নেতা স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন। ১৮৩০ সালে তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাঙালির জন্য স্বাধীনতার চেষ্টা চালিয়েছিলেন। এর ১০০ বছর পর ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অস্ত্রাগার লুণ্ঠন করে চট্টগ্রামকে ১১ দিন স্বাধীন রেখেছিলেন। ১৯৪৪ সালে নেতাজি সুভাষ বসু মিয়ানমারে ইন্ডিয়ান লিবারেশন আর্মির সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, “তোরা রক্ত দে, আমি স্বাধীনতা দিব।” বাঙালি রক্তও দেয়নি, স্বাধীনতাও আসেনি। বঙ্গবন্ধু ঘুমন্ত বাঙালি জাতিকে ধীরে ধীরে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করেছিলেন। ৩০ লাখ মানুষ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে বঙ্গবন্ধুর আহ্বানে।’

ছাত্রলীগের নেতা–কর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা লেখাপড়াকে গুরুত্ব দেন। রাজনীতি হচ্ছে একটি ব্রত, দেশ এবং সমাজ পরিবর্তনের জন্য, সেটি মাথায় রাখতে হবে। যেকোনো ত্যাগ স্বীকারে শিক্ষার্থীরা সব সময় প্রস্তুত থাকবে। তবে রাজনীতি করতে গিয়ে যাতে পড়াশোনার ক্ষতি না হয়।’