বিএনপির রাজনীতি ছাড়ছেন নোমান!
দু-এক দিনের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন আবদুল্লাহ আল নোমান। এমনকি বিএনপির রাজনীতি থেকেও তিনি সরে দাঁড়ানোর কথা ভাবছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা ইঙ্গিত দিয়েছেন।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রের ভাষ্য, নোমান এবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হতে আগ্রহী ছিলেন। তিনি এই পদ পেতে পারেন এমন আলোচনাও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ছিল। কিন্তু গত শনিবার বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশের পর দেখা যায় আগের মতোই ভাইস চেয়ারম্যান পদে রাখা হয়েছে তাঁকে।
জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাইস চেয়ারম্যান পদে আর থাকতে চান না তিনি। দু-এক দিনের মধ্যে নিজের অবস্থান জানাবেন। বিএনপির রাজনীতি ছাড়বেন কি না, এমন প্রশ্নে নোমান বলেন, ‘দল থেকে সরে দাঁড়ানোর জন্য আমার ওপর চাপ আছে। নেতা-কর্মীরা এই চাপ দিচ্ছেন। তবে পদ আমি ছাড়ছি। আর দল ছাড়ছি কি না, তা দু-এক দিনের মধ্যে জানাব।’
বিএনপির স্থায়ী কমিটিতে এবার জায়গা পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ। তাঁরা দুজনই বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা। নোমানও চট্টগ্রামের বাসিন্দা।
বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোসাদ্দেক আলী ফালু। একই দিন নিজের নাম প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি দেন সহপ্রচার সম্পাদকের পদ পাওয়া শামীমুর রহমান। কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে বিএনপির নেতাদের একটি অংশ হতাশ ও ক্ষুব্ধ।
চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সবুর গতকাল প্রথম আলোকে বলেন, ‘আবদুল্লাহ আল নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা। এ দাবি মানা না হলে চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীরা দল থেকে গণপদত্যাগ করবেন। নোমান ভাইকেও পদত্যাগ করার জন্য বলেছি। তিনিও আমাদের সিদ্ধান্তের সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন।’
চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে নোমানের ঘনিষ্ঠ ও অনুসারী কয়েকজন নেতা বলেন, দল তাঁকে (নোমান) মূল্যায়ন করেনি। তিনি প্রত্যাশিত পদ না পাওয়ায় তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
গত রোববার রাতে চট্টগ্রামের বিএনপি ও যুবদলের নেতারা নোমানকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের ৪৭ জন নেতার নাম ছিল।
এ বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের প্রায় বড় সব নেতা নোমান ভাইয়ের হাতে গড়া। আজ অনেকেই কেন্দ্রীয় বড় পদ পেয়েছেন। অথচ তাঁকে (নোমান) পরপর দুবার অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমরা মনে করি, এই দলে থেকে সম্মান নষ্ট করার আর কোনো প্রয়োজন নেই।’