বিএনপির রাজনীতি পদ্মা নদীর মাঝখানে ডুবে গেছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নন্দীপাড়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপির রাজনীতি পদ্মা নদীর মাঝখানে ডুবে গেছে। তাই প্রথমে তারা আবোল-তাবোল বলেছিল, এখন বাক্‌রুদ্ধ হয়ে গেছে। কী বলবে, বুঝতে পারছে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নন্দীপাড়া মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সবুজবাগ থানার ৭৪ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করব তারা তাদের রাজনীতি পদ্মা নদীর মাঝখান থেকে উদ্ধার করতে পারবে এবং অতীতের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে যাবে।’

সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মন্নফী উদ্বোধক ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ।

আগামী সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, ‘আর দেড় বছর পর নির্বাচন। এখন বিএনপিকে দেখা যায় না। মাঝেমধ্যে গর্ত থেকে উঁকি দিয়ে চায় আর চোরাগোপ্তা মিছিল করে। আইনগতভাবেই খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচন করার কোনো সুযোগ নেই। সে জন্য বিএনপি নির্বাচনে যাবে কি না, সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে।

তবে যত কথাই বলুক, আগামী নির্বাচনে তারা অংশ নেবে এবং নির্বাচনের আগে গর্তের ভেতর থেকে বেরিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াবে।’