বিএনপির রাজনীতির তৃতীয় স্টেজ চলছে: বি. চৌধুরী

বিএনপির রাজনীতির এখন তৃতীয় স্টেজ (পর্ব) চলছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এর ব্যাখ্যা দিয়ে বি. চৌধুরী বলেন, ‘প্রথমে জিয়াউর রহমানের বিএনপি। তিনি গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এখন বিএনপিতে জিয়ার রাজনীতি নেই। তারপর খালেদার রাজনীতি। এ নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। বর্তমানে চলছে জামায়াতনির্ভর খালেদার রাজনীতি। দেশে-বিদেশে যে চাপ, তাতে এই রাজনীতি টিকবে বলে মনে হয় না। চতুর্থ স্টেজে বিএনপিকে আবার জিয়ার বিএনপিতে ফিরে যেতে হবে।’
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শুক্রবার সাবেক মন্ত্রী ও বর্তমানে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের লেখা আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি. চৌধুরী এসব কথা বলেন। বইটি প্রকাশ করেছে হাতেখড়ি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সম্পাদিত চুক্তিগুলোতে কী আছে, তা মানুষ জানে না মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ‘মোদি একজন চমৎকার সেলসম্যান। তাঁর আগমনে সরকার, এমনকি বিরোধী দল শুদ্ধ জয়ধ্বনি করল। তিনি ২২টি চুক্তি করে গেলেন, তার কিছুই আমরা এখনো জানি না। এগুলো জানতে অন্তত এক বছর সময় লাগবে।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রীর জনবক্তৃতার কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘বাংলাদেশে মাঝখানে মোদি হিন্দিতে বক্তৃতা দিলেন। তিনি কী করে জানলেন আমরা হিন্দুস্তানি? এর সমাধান হলো, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত যাবেন, সেখানে তিনি বাংলায় বক্তৃতা করবেন এবং তাঁর বক্তৃতার জন্য দুজন অনুবাদক রাখবেন।’
বইটির লেখক মাঈদুল ইসলাম জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ছিলেন। বি. চৌধুরী বলেন, ‘বিএনপি ছেড়ে আপনি বারবার কেন এরশাদের কাছে ফিরে গেলেন, বিএনপির অপরাধ কী ছিল, বইতে এর ব্যাখ্যা থাকলে আমরা উপকৃত হতে পারতাম। অবশ্য আপনিও বিএনপিতে নেই, আমিও নেই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, সাবেক সচিব মোকাম্মেল হক, অধ্যাপক দিলারা চৌধুরী, মাঈদুল ইসলাম প্রমুখ।