বিএনপির লাশ বিএনপির ঘাড়ে তুলে দিতে চাচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দীন ওরফে মিঠু হত্যাকাণ্ডে এক প্রবাসী বিএনপি নেতা অর্থায়ন করেছেন বলে পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করেছে খুলনা বিএনপি। দলটির দাবি, মিঠুর প্রকৃত হত্যাকারী, পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের আড়াল করতে পুলিশ বিএনপির লাশ বিএনপির ঘাড়ে তুলে দিতে চেয়েছে।
গতকাল বুধবার খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মিঠুর পিতা সরদার আবুল কাশেম, বড় ভাই আবু সাঈদ বাদল এবং সর্বশেষ মিঠুর হত্যাকারীরা একই গোষ্ঠী। মিঠুকে একাধিকবার হত্যার উদ্দেশ্যে তারাই হামলা চালিয়েছিল। তিনটি ঘটনাই ঘটেছে আওয়ামী লীগ শাসনামলে। এই দলটি ক্ষমতায় থাকলে খুনিরা বেপরোয়া, নৃশংস ও বীভৎস হয়ে ওঠে। মিঠুর হত্যাকারীরাও শাসক দলের আশ্রয়-প্রশ্রয়ে আছে। এ ঘটনার অর্থ জোগানদাতা ও মদদদাতা আছে। পুলিশকে ঘটনার আরও গভীরে গিয়ে তদন্তের আহ্বান জানান তিনি।
মিঠু ও তাঁর সহযোগী নওশের গাজী হত্যাকাণ্ডের বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজির মঙ্গলবারের প্রেস ব্রিফিংয়ের জবাবে বিএনপি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভয়াবহ ও নৃশংস এই হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের খুলনা বিভাগীয় প্রধানের বক্তব্যে রহস্য উদ্ঘাটন হবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু সেখানে মিঠুর হত্যাকারীদের আড়াল করে সম্পূর্ণ দায়ভার বিএনপির ওপর চাপানো হয়েছে। মিঠুর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বক্তব্য নাকচ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপি নেতা হাসনাত রিজভী মার্শালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের পর তিন দিন কোনো সন্ধান মেলেনি। এরপর অজ্ঞাত স্থান থেকে বেদম মারধরে গুরুতর জখম অবস্থায় নিয়ে এসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেখানোয় তাঁরা হতবাক।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফুলতলার জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন রহমান প্রসঙ্গে মঞ্জু বলেন, মিঠুকে হত্যার জন্য মামুন ৩০ লাখ টাকা দিয়েছেন, এটি অবিশ্বাস্য ও যুক্তিযুক্ত নয়। মামুনের ব্যাংক হিসাব দেখলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে।
মোবাইল ট্র্যাকিং করেই মিঠু হত্যার আসামি শনাক্ত
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মিঠুর সঙ্গে সব সময় দুজন দেহরক্ষী থাকত। মিঠুকে হত্যার সময় তাঁর দেহরক্ষী নওশের গাজী নিহত হন। আর আহত হন মিঠুর শ্বশুর সৈয়দ ফজলুল আলম। ঘটনার কয়েক মিনিট আগেই আরেক দেহরক্ষী শিমুল বেরিয়ে যান। মিঠুর ওপর হামলার আগে শিমুল বেরিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের প্রথম সন্দেহের তীর তাঁর ওপর পড়ে। পরে শিমুলের মোবাইল ট্র্যাকিং করা শুরু করে গোয়েন্দা সংস্থা।
পুলিশের ওই সূত্রটি জানিয়েছে, মোবাইল ট্র্যাকিং করে দেখা যায়, শিমুল ঘটনার আগে থেকেই মিঠুর পরিবারের শত্রু ভূঁইয়া পরিবারের সদস্য মুশফিক রিফাত ভূঁইয়ার সঙ্গে কিছু সময় পরপর কথা বলেছেন। মিঠু নিহত হওয়ার পরও শিমুলের সঙ্গে কয়েকবার কথা হয় রিফাতের। শিমুল ও রিফাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মিঠু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মুন্সি বলেন, চারজন আসামির মধ্যে তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী মামলার অন্য চারজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে র্যা ব, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে কাজ করছে।