বিএনপির শতাধিক নেতা-কর্মী যোগ দিলেন আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মান্নান ফকিরের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে গত রোববার সন্ধ্যায় জনসভার আয়োজন করা হয়। পুড়াপাড়ার দফা মাদ্রাসাসংলগ্ন মাঠে ওই জনসভায় মান্নান ফকির তাঁর শতাধিক সমর্থক নিয়ে সাজেদা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় সাজেদা চৌধুরী তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেন, বিএনপির বর্তমান কর্মকাণ্ডে নেতা-কর্মীরা খুশি নন। এ কারণে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।

আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবাহান মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। পরে সংসদ উপনেতা এক কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুরপাড়া-গজারিয়া সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় একটি সেতুর উদ্বোধন করেন।