বিএনপির শীর্ষ পদের নির্বাচন অগণতান্ত্রিক: হাছান
কাউন্সিলের আগেই অগণতান্ত্রিক উপায়ে বিএনপি তাদের দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের পরে। কিন্তু বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পরতে পারে—এ ভয় থেকেই তড়িঘড়ি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও শুনেছি জিয়াউর রহমানের পরিবারের সদস্যসহ অনেকেই চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কেনার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু তাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে।’
সাম্প্রতিক সময়ে দেশে শিশুহত্যায় উদ্বেগ প্রকাশ করে হাছান মাহমুদ আরও বলেন, ‘রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান, আপনারা এর বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করে গড়ে তুলুন। শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক সংহতি খুব বেশি প্রয়োজন। সুশীল সমাজদের বলব—সরকারের পান থেকে চুন খসলে আপনার সমালোচনা করেন, বিবৃতি প্রদান করেন। এখন শিশু হত্যার বিরুদ্ধে আপনারা নিশ্চুপ কেন?’
সংগঠনের সভাপতি জাকির আহামদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, আবদুল হাই কানু প্রমুখ।