বিএনপির ষড়যন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: কাদের
বিএনপির সরকার উৎখাতের আন্তর্জাতিক ষড়যন্ত্র আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের অসমাপ্ত ১১ কিলোমিটারের কাজ পরিদর্শন করতে এসে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ভুল রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতার কারণেই বিএনপির আজ এই দৈন্যদশা। বিএনপি কাউন্সিল করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। এটাই দলটির দৈন্যদশার চিহ্ন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরা নিজেদের শত্রু। তাদের বিরুদ্ধে শত্রুতা করার জন্য বাইরের কোনো দলের প্রয়োজন নেই। বিএনপির সরকার উৎখাতের আন্তর্জাতিক ষড়যন্ত্র আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ১১ কিলোমিটারের নির্মাণকাজ এখনো চলছে। নির্মাণাধীন ওই অংশকে সড়কের বেহাল দশা উল্লেখ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঈদের আগে কাজ শেষে হয়ে যাবে। এবার ঈদে মানুষের বাড়ি যাওয়া যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নির্বিঘ্ন হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, চাল লেন প্রকল্পের সঙ্গে যুক্ত সেনাবাহিনীর কর্মকর্তারা।