বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপে সমস্যা নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট আরও বড় হতে পারে। অনেক দলই জোটে আসতে চাইছে। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সঙ্গে নির্বাচনের আগে আনুষ্ঠানিক কোনো সংলাপে আওয়ামী লীগ না গেলেও অনানুষ্ঠানিক সংলাপ হলে সমস্যা নেই।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বাড়বে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন আসলে মেরুকরণ হবে। জোট বলেন, জোট তো আছে আমাদের। সেটা বাড়তেও পারে।’ তিনি বলেন, অনেকেই তো জোটে আসতে চাইছে। অনেকেই আবার নিজেরাই আলাদা জোটে ঢুকতে চাইছে। বিএনপির সঙ্গেও থাকবে না আওয়ামী লীগের সঙ্গেও নয়। এমন জোটও হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়—এটা পরিষ্কার হবে অক্টোবরে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভুল ব্যাখ্যা দেবেন কেন? আমি বলেছি আমাদের সঙ্গে কথাবার্তা তো হতে পারে। আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে আমি কোনো কথা বলিনি। আমি মনে করি, আগে যা বলেছি, এখনো তা-ই বলব। নির্বাচনে তফসিল ঘোষণার আর মাত্র তিন মাস বাকি। এই তিন মাসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আমরা মনে করি না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে কিন্তু একটি ওয়ার্কিং, একটি আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। এর জন্য টেলিফোনে আমার সঙ্গে যে কেউ কথা বলতে পারেন। কাদের সিদ্দিকী সাহেব ফোন করেছেন তিনি কথা বলতে চান। তাঁকে আমি বলেছি আসেন। অনানু্ষ্ঠানিক আলাপ–আলোচনা হতে পারে। আর কিছু না হোক, চোখ দেখাদেখি না হোক, টেলিফোনে তো সংলাপ করা যায়।’ তিনি আরও বলেন, ‘এর মধ্যে আমাদের অনেক গ্যাপ। মনের মধ্যে অনেক দূরত্ব হয়ে যায়। দীর্ঘদিন দেখা নেই। সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? আমরা কি কথা বার্তা বলব না? টেলিফোনে কথা বলতে অসুবিধা কী? আমি বলেছি বিএনপি মহাসচিব আমাকে কখনো ফোন করেননি। আমি বলিনি যে আমি সংলাপের জন্য আহ্বান জানিয়েছি। এর ভুল ব্যাখ্যা দেবেন না, প্লিজ।’
সরকাররের উন্নয়নের পাশাপাশি কয়লা দুর্নীতির খবর সরকারের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মন্ত্রী কাদের বলেন, ‘সরকার বিষয়টি নিয়ে কী ভাবছে? এসব ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে থাকে। আমার বক্তব্য হচ্ছে, সরকার এখানে প্রোঅ্যাকটিভ কি না। তিনি আরও বলেন, সরকার তো বিষয়টি সিরিয়াসলি দেখছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, এ ব্যাপারে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন।’
কয়লা দুর্নীতির বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, দেশে এত কর্মকাণ্ড হচ্ছে, এখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটলে সরকার যদি এখানে নীরব থাকে বা এটাকে আশ্রয়-প্রশ্রয় দেয়, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন। সরকার তো এখানে নীরব নয়, সরকার এখানে কঠোর হস্তে দেখছে।’