বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘কিসের আলোচনা, কার সঙ্গে আলোচনা। সন্ত্রাসী, জঙ্গি ও যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে আলোচনা হয় না।’
গতকাল রোববার বিকেলে রাজধানীর ফার্মগেট মোড়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের র্যা লি-পূর্ব সমাবেশে শেখ সেলিম এসব কথা বলেন। যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র্যা লি-পূর্ব সমাবেশের আয়োজন করা হয়।
শেখ সেলিম দাবি করেন, দেশে আইএস বলে কিছু নেই। হরকাতুল জিহাদ, জেএমবি, বিএনপি-জামায়াত সব একই। তিনি বলেন, খালেদা জিয়া বিদেশ থেকে আসতে না চাইলেও তাঁকে ফিরিয়ে আনা হবে। শেষ বয়সে জেল না খাটার ভয়ে খালেদা জিয়া বিদেশে পালিয়ে গেছেন।
যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে ফার্মগেট থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে র্যা লি শুরু করে যুবলীগ। দুটি হাতি, ঢাকঢোল নিয়ে রাজধানীর উত্তরা, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও থানা এলাকা থেকে যুবলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।