বিএনপির সঙ্গে ঐক্য হলে পাঁচ মিনিটেই ভেঙে যাবে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

বিএনপির সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য হলে তা পাঁচ মিনিটেই ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আর যাই হোক, খুনি ও খুনির দোসরদের সঙ্গে ১৪ দলের কোনো দিন ঐক্য হবে না, হতে পারে না।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘তাহের দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে ঐক্য হলে তারা এমন ইস্যু নিয়ে আসবে, তাতে পাঁচ মিনিটেই ঐক্য ভেঙে যাবে।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার প্রসঙ্গ ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘সেখানে ৮০ বছরের একজন জাপানিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের একজন সাহসী সন্তানকেও হত্যা করা হয়েছে। এরা কি মানুষ? এরা অমানুষ।’ উল্লেখ্য, ওই হামলায় জঙ্গিরা ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করে। বাংলাদেশিরা হলেন ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর ও ইশরাত আকন্দ।
‘কোনোভাবেই বাংলাদেশকে দখল করার ইচ্ছা আমাদের নেই’—বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এ বক্তব্যের কথা উল্লেখ করে বেসামরিক বিমান ও পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমরা কি কোথাও বলেছি যে তোমরা বাংলাদেশকে দখল করতে আসছ? আমরা তো কোথাও বলি নাই। আমরা শুধু বলেছি, আমরা আমাদের জায়গায় সক্ষম।’
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সভাপতির বক্তব্যে কর্নেল তাহেরের সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কর্নেল তাহেরকে সবাই বলেছিল জিয়া সরকারের কাছে প্রাণভিক্ষা চাইতে। তখন তাহের বলেছিলেন যে আমি তো চোর নই যে প্রাণভিক্ষা চাইব।’
কর্নেল তাহেরের ছোট ভাই ও জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যার কত বছর পেরিয়ে গেছে, কত অনুসন্ধান হয়েছে, বিচার হয়েছে, কোথাও তাহের কিংবা জাসদের কথা নাই। জাসদ এবং তাহের বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এটা সত্য, এ কথা তাঁরা অস্বীকার করেন না। কিন্তু ষড়যন্ত্র করে জাতির জনককে হত্যা, সেটা তাঁরা প্রত্যাশা করেননি বরং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন
হাবীব, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের প্রমুখ।