বিএনপির সঙ্গে ঐক্যের দরকার নেই: ১৪ দল
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা এবং আজকের জঙ্গিবাদী হামলার উদ্দেশ্য একটাই; তা হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে পাকিস্তানপন্থী সরকার প্রতিষ্ঠা করা। পঁচাত্তরে ষড়যন্ত্র রুখতে ঐক্য ছিল না। এখন জঙ্গিবাদ মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য তৈরি হয়েছে। তাই বিএনপির সঙ্গে ঐক্য করার কোনো দরকার নেই।
গতকাল শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা এ দেশকে পাকিস্তানের ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। জঙ্গিবাদের মাধ্যমে এখনো সেই চেষ্টা অব্যাহত আছে। কিন্তু শহর থেকে গ্রামে সব স্থানে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কে কী বলল, তাতে কিছু আসে যায় না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে বলেন, ‘কারা এসব জঙ্গি হামলা করছে? যারা আগুন দিয়ে বহু মায়ের কোল খালি করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে, তারাই জঙ্গি হামলার পেছনে। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। তাদের ঐক্যের ডাক তামাশা ছাড়া আর কিছুই না।’
১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জিয়াউর রহমানের অনুসারী, তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। খালেদা জিয়া খুনিদের দোসর। তাঁর ডাকের জন্য দেশের মানুষ বসে নেই।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ হচ্ছে হরিণ, আর বিএনপি হায়েনার দল। তাই হরিণ আর হায়েনার মধ্যে ঐক্য হতে পারে না। তিনি বলেন, ‘বিএনপি আসলে বেকায়দায় পড়ে ঐক্যের কথা বলছে। ফান্দে পড়িয়া বগা এখন কান্দে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সবাই যেভাবে ঐক্যবদ্ধ, ১৯৭৫ সালে এই ঐক্য আরও জরুরি ছিল। তখন ঐক্য হলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না।
সভায় আরও বক্তব্য দেন বিমানমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের আরেক অংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের আবদুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির (জেপি) শেখ শহিদুল ইসলাম প্রমুখ।