বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না বলে জানিয়ে দিয়েছেন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। খবর বাসসের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘সংলাপের কোনো প্রশ্নই আসে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংলাপ কেন হবে? কিসের জন্য সংলাপ হবে। সংবিধান অনুযায়ী সংলাপ করতে আমরা বাধ্য নই।’

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জোটের সহসভাপতি মোবারক আলী শিকদার ও অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ সরকার ওরফে রানা প্রমুখ বক্তব্য দেন।

ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, একটা নির্বাচিত সরকার জনগণকে সেবা দেওয়ার জন্য তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। যার ফলে এ বছর মানুষ ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। যোগাযোগমন্ত্রী রাত-দিন রাস্তায় থেকে তাঁর দায়িত্ব পালন করছেন।

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি ঈদের পরে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি ঈদের পরে আন্দোলনের হুংকার দিয়ে জনগণের কষ্ট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অপর দিকে ঈদের পর সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে ছয় হাজারেরও বেশি চিকিত্সক নিয়োগ দেবে।

সরকারের মেয়াদ পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না। ২০১৯ সাল পর্যন্ত আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করুন। সরকারকে সহযোগিতা করুন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘সাংবিধানিক সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে তার জন্য আপনি নির্বাচন ঠেকিয়ে সামরিক শাসককে ক্ষমতায় আনার চেষ্টা করেছিলেন। ভুল করেছেন আপনি, সেই ভুলের খেসারত জনগণকে দিতে হবে কেন? নির্বাচন যদি না হতো তাহলে আজ দেশে কোন সরকার ক্ষমতায় থাকত? দেশে আজ থাইল্যান্ডের মতো অবস্থা বিরাজ করত।’