বিএনপির সঙ্গে ব্রিটিশ লেবার পার্টির প্রতিনিধিদলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সম্পর্কে বিএনপির কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিদল। জবাবে বিএনপি নেতারা বলেছেন, বিরোধী দলকে কোনো গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আগে গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়োজন।
গতকাল মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে লেবার পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা সোয়া তিনটার দিকে শুরু হয়ে বৈঠক প্রায় এক ঘণ্টা চলে। যুক্তরাজ্যের লেবার পার্টির আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ এমপি স্যার কির স্টারমার।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঈন খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিবিসি বিশেষ ভূমিকা পালন করেছিল এই কারণে যে আমাদের স্বাধীনতাযুদ্ধের মূল উপজীব্য ছিল গণতন্ত্র। সেই কারণে তারা (যুক্তরাজ্য) বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে উদ্বিগ্ন।’
বৈঠক সূত্র বলেছে, বিএনপির একজন নেতা ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ধারাবাহিক হয়রানিমূলক মামলার ঘটনাটি তুলে ধরেন। জবাবে ব্রিটিশ প্রতিনিধিদল জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত।
লেবার পার্টির প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি।