বিএনপির সঙ্গে সংলাপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতারা। তাঁরা বলেছেন, ২০১৯ সালের আগে দেশে সংসদ নির্বাচন হবে না।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলীতে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটের নেতারা এসব কথা বলেন।
সমাবেশে বিএনপিকে ‘খুনি দল’ হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খুনিদের সঙ্গে আওয়ামী লীগ, ১৪ দল ও শেখ হাসিনার কোনো সংলাপ হতে পারে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন, কোনো সংলাপ হবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ১৬ দিন আগে অবরোধের ডাক দিয়ে অফিসে বসে ছিলেন। আপনার ডাকে কোনো নেতা-কর্মী বেরিয়ে আসেননি।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম। খালেদা জিয়াকে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, তবে নাটক করে কোনো লাভ হবে না। বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়ার কালো হাত ভেঙে দেওয়া হবে।’ বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বাটি চালান দিয়ে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। তাদের দিয়ে কী আন্দোলন হবে। ১৪ দলের নেতৃত্বে পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আগামী ১০ দিন ১৪ দল সারা দেশে শান্তি মিছিল করবে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শর্ত দিয়ে কোনো সংলাপ হয় না। আর নির্বাচনের তো প্রশ্নই আসে না। সংলাপ ও আলোচনা চাইলে বিএনপিকে জামায়াত ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়তে হবে। তিনি দেশ, গণতন্ত্র ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চলমান সহিংসতার দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে মন্তব্য করে সহিংসতায় হত্যাকাণ্ডে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার গ্রেপ্তার দাবি করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া।
স্থানীয় সাংসদ আসলামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীর কবীর নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে অবরোধ ও সহিংসতার প্রতিবাদে একটি শান্তি মিছিল করে ১৪ দল।