
মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের প্রতি আবার আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারকে বিএনপির সঙ্গেই আলোচনায় বসতে হবে। চোর-ছ্যাঁচড় ও যদু-মধু টাইপের দলের সঙ্গে আলোচনা করলে হবে না। এদের নিয়ে নির্বাচন করে লাভ হবে না। এদের দিয়ে দেশ চলতে পারে না।’
গতকাল শনিবার জামালপুরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া এ আহ্বান জানান।
বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার বিএনপিকে ভয় পায়। তাই বিএনপি ও জোটকে ভাঙতে চায়, নির্বাচনের বাইরে রাখতে চায়। তিনি সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশে বলেন, ‘এজেন্সিকে বলব, আপনারা অবৈধ কাজ বন্ধ করুন। কাজের আওতার বাইরে গিয়ে কিছু করবেন না। করলে একদিন আপনাদেরও বিচারের আওতায় আনা হবে।’
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সংলাপের আহ্বান জানিয়ে আসছে বিএনপি। আর সরকারের পক্ষ থেকে তা বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। সর্বশেষ গত শুক্রবার নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে এক মতিবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন।
গতকাল জামালপুরের জনসভায় খালেদা জিয়া অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তিনি দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি সঠিক কাজ করেছে। যারা একদলীয় নির্বাচন করে অবৈধভাবেÿক্ষমতায় আছে, তাদের দুর্নীতির তথ্য বের হলে নির্বাচন করার ‘কাফ্ফারা’ দিতে হবে।
খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারকে খুনি, সন্ত্রাসী ও ছিনতাইকারীর দল আখ্যায়িত করে বলেন, ‘এদের হাতে রক্ত এবং এরা মানুষখেকো ড্রাকুলা। এরা রাজাকারদের দল, রাজাকারদের আশ্রয়দাতা ও এরা দালাল। এ কে খন্দকার বইয়ে সত্য কথা লেখায় এখন সেও রাজাকার।’
৫ জানুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়ার এটি পঞ্চম জেলা সফর। এর আগে তিনি মুন্সিগঞ্জ, রাজবাড়ী, জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা করেন।
জামালপুর জিলা স্কুলমাঠে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। বেলা তিনটায় জনসভা শুরুর এক ঘণ্টা আগেই নেতা-কর্মীদের জমায়েত স্কুলমাঠ ছাড়িয়ে যায়। মাঠের সামনের সড়কে দাঁড়িয়ে লোকজন খালেদা জিয়ার বক্তব্য শোনেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে শহরের প্রতিটি প্রবেশপথে তোরণ নির্মাণ করা হয়।
খালেদা জিয়া প্রায় এক ঘণ্টার বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি বলেন, ঈদের পর আন্দোলন হবে। আগেও আন্দোলন হয়েছে। এবার ঢাকায়ও হবে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে নিয়েছে। এখন বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকেরা স্বাধীন নন। তিনি বলেন, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ মানুষের সম্পদ দখল করে নেবে। কিন্তু কেউ বিচার পাবে না।
খালেদা জিয়া অভিযোগ করেন, দেশের সব প্রতিষ্ঠান এখন শেখ হাসিনার পকেটে। দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন, গণমাধ্যম, বিচার বিভাগ—সবই তাঁর পকেটে। তিনি সম্প্রচার নীতিমালার সমালোচনা করে বলেন, টক শোতে যাঁরা ভালো কথা বলেন, নীতিমালার ভয় দেখিয়ে তাঁদের আর আসতে দেওয়া হয় না। কারণ, তাঁরা সরকারকে তেল দেবেন না। সরকার তাঁদেরই আসতে দেয়, যাঁরা তাদের তেল দেন।
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, এলডিপির সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মো. ইসহাক, ইসলামী ঐক্যজোটের সভাপতি আবদুল লতিফ নেজামীসহ ২০-দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
খালেদা জিয়া দুপুর ১২টায় টাঙ্গাইলের যমুনা রিসোর্ট থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন। পথে কালিহাতী, ঘাটাইল, ধনবাগি, মধুপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান। তিনি এর আগে শুক্রবার বিকেলে ঢাকা থেকে জনসভায় যোগদানের উদ্দেশে রওনা হন। যমুনা রিসোর্টে রাত যাপন করেন। জামালপুরে জনসভা শেষে রাতেই খালেদা জিয়া ঢাকায় ফিরে আসেন।