গণতন্ত্র মানে সন্ত্রাস নয়। আন্দোলনের নামে বিএনপির দেশব্যাপী মানুষ হত্যা, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রান্তিক ফটক দিয়ে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে ওঠে। সেখানে মিছিলটি বিক্ষোভ মিছিলে রূপ নেয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দিয়ে ক্যাম্পাসে ঢুকে কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়।
‘বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।