বিএনপির সব মনোযোগ নির্বাচনকে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সব মনোযোগ এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। দলটির লক্ষ্য—একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান; যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। এ লক্ষ্য অর্জনে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নানা আঙ্গিকে কাজ করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, এ কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি রাঙ্গুনিয়ায় ক্ষমতাসীনদের হামলার শিকার হলেও কোনো উত্তেজনাকর কর্মসূচিতে যায়নি বিএনপি। দলের নীতিনির্ধারকেরা চাইছেন, নিজেদের সাম্প্রতিক সময়কার শান্তিপূর্ণ রাজনীতি অব্যাহত রেখে নির্বাচনের দোরগোড়ায় পৌঁছানো। তাঁরা মনে করেন, ক্ষমতাসীনদের হস্তক্ষেপমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, ঈদের পরপরই তাঁরা সহায়ক সরকারের রূপরেখা দেবেন। রোজায় একাধিক ইফতার অনুষ্ঠানে তিনি এ-ও বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

বিএনপির নেতৃত্বের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, ক্ষমতাসীনদের হস্তক্ষেপমুক্ত একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন দলের জ্যেষ্ঠ নেতা ও বিশেষজ্ঞরা। আগামী জুলাই মাসের শেষ অথবা আগস্টের শুরুর দিকে এই রূপরেখা ঘোষণা করা হতে পারে। এই সরকারের ধরন ও কাঠামো কেমন হবে, তার একটি খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সহায়ক সরকারের রূপরেখা তৈরির সঙ্গে যুক্ত নেতাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দলের নীতিনির্ধারকেরা সহায়ক সরকারের দুই ধরনের কাঠামো নিয়ে এগোচ্ছেন। একটি হচ্ছে, প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারে না রেখে সহায়ক সরকার গঠন। সে ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারের মন্ত্রিপরিষদ থেকে পাঁচজন এবং সবার কাছে গ্রহণযোগ্য পাঁচজনের সমন্বয়ে একটি সহায়ক সরকার হতে পারে। এই কাঠামোতে নির্বাচনকালীন সরকারপ্রধানের বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব করা হতে পারে। অন্যটি, প্রধানমন্ত্রীকে রেখে কিন্তু তাঁর নির্বাহী ক্ষমতা কমিয়ে সরকার গঠন। এ ক্ষেত্রে নিবন্ধিত বা সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে সর্বদলীয় সরকারের আদলে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব রাখা হতে পারে। তবে রূপরেখার শেষ কথা হবে সমঝোতা।

উল্লেখ্য, এ ধরনেরই একটি প্রস্তাব গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে দিয়েছিল। তখন বিএনপি তাতে সায় দেয়নি।

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তৈরির সঙ্গে যুক্ত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংবিধানের বাইরে সহায়ক সরকারের রূপরেখা ক্ষমতাসীনেরা মানবে কেন, না মানলে বিএনপি কী করবে—এ প্রশ্নের জবাবে আমীর খসরু প্রথম আলোকে বলেন, কোনো একটি দলকে ক্ষমতায় রাখার জন্য সংবিধান নয়। বিএনপি যদি সংবিধান না বদলাত, তাহলে একদলীয় বাকশাল থেকে যেত। তত্ত্বাবধায়ক সরকার হতো না, আওয়ামী লীগও ক্ষমতায় আসত না।

দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঈদের পর রূপরেখা চূড়ান্ত করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন খালেদা জিয়া। তিনি জুলাই মাসের মাঝামাঝি যুক্তরাজ্যে যেতে পারেন। সেখানে তাঁর চোখের চিকিৎসার কথা রয়েছে। ওই দেশে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে আছেন।

ওই সূত্রটি জানায়, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভেতরে-ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। পাশাপাশি মাঠপর্যায়ে দল গোছানোর কাজও চলছে। এ পর্যন্ত ৭৫ সাংগঠনিক জেলার ৫০টিতে কমিটি করা হয়েছে। যদিও এসব কমিটি গঠন করতে গিয়ে চট্টগ্রাম ও রাজশাহীসহ কয়েকটি জেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দলের এসব অভ্যন্তরীণ বিভেদ ও সাংগঠনিক দুর্বলতার কারণে অনেক জেলায় দলীয় কর্মসূচিও ঠিকভাবে পালন হয় না। এর মধ্যেই চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি।

দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণার পর এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় বিএনপি। এ লক্ষ্যে ঈদের পর দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি বাড়ানোর চিন্তা করা হচ্ছে। পাশাপাশি সহায়ক সরকারের পক্ষে জনমত বাড়াতে বিভাগীয় ও বৃহত্তর জেলাগুলোতে দলীয় প্রধানের উপস্থিতিতে সভা-সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের নেতাদের ঈদে এলাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত কয়েক দিন যেসব নেতা গুলশান কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তাঁদের বলেছেন এলাকায় গণসংযোগ করতে; দলের নেতা-কর্মী এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

জানতে চাইলে বিএনপির শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করল। সেখানে তারা সুচিন্তা, সুশাসন ও সুসরকারের কথা বলেছে। শান্তিপূর্ণ ও শ্রদ্ধাবোধের রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু মাহমুদের ওপর হামলার পর বিএনপির প্রতিক্রিয়া একটি বিক্ষোভ পর্যন্তই। উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে, বিএনপি এসব সহ্য করে ভিশন-২০৩০ সামনে রেখে এগোচ্ছে।