বিএনপির সবকিছুতে না বলা গণতন্ত্রকে না বলার শামিল: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্রমাগতভাবে সবকিছুতেই না বলছে। বিএনপির এই না বলা গণতন্ত্রকে না বলার শামিল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্রমাগতভাবে সবকিছুতেই না বলছে। অথচ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। অনুসন্ধান কমিটি রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বোদ্ধা হিসেবে পরিচিতদের সঙ্গে বসেছে। এমন অংশগ্রহণমূলক প্রক্রিয়ার উদাহরণ অনেক পুরোনো গণতান্ত্রিক দেশেও কেউ দিতে পারবেন না। বিএনপি ঘরানার বুদ্ধিজীবী এবং যাঁরা বিএনপির পক্ষে সারাক্ষণ কথা বলেন, তাঁরাও সেখানে গেছেন। তাঁরা বলেছেন, বিএনপির আসলে নাম দেওয়ার কথা ছিল, অথচ বিএনপি দিল না।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনাকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ছয় কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা যখন নির্বাচন করেছিলাম, তখন আমরা দলীয় ব্যানারে নির্বাচন করেছি, আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, তখন সব মানুষের জন্য, সব দলের জন্য কাজ করতে বদ্ধপরিকর।’
হাছান মাহমুদ বলেন, আজ যখন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে, তখন অনেক ভুঁইফোড় সাংবাদিক ও ভুঁইফোড় গণমাধ্যমের জন্ম হচ্ছে। সে জন্য সাংবাদিক নেতৃবৃন্দের অনুরোধে আমরা নীতিগতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের ডেটাবেইস করার সিদ্ধান্ত নিয়েছি। সেই কাজটি প্রেস কাউন্সিলকে করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তাঁরা যদি নীতিমালার ভিত্তিতে ডেটাবেইস তৈরি করেন, তাহলে প্রকৃত সাংবাদিকেরা ডাটাবেইসে স্থান পাবেন। আর যারা ভুঁইফোড়, তাঁরা ডাটাবেইসে স্থান পাবেন না। তখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।’
প্রথম ধাপে ঢাকা জেলার ১২৪ জন সাংবাদিকের মধে৵ ২ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে সারা দেশের ৫৩০ জন সাংবাদিকের মধে৵ বিতরণ করা হয় ৫৩ লাখ টাকার চেক।