বিএনপির সবকিছুতেই না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । প্রথম আলাে ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । প্রথম আলাে ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমাদের নির্বাচনী আইন অত্যন্ত যুগোপযোগী। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। বিএনপি তাদের বক্তব্য তুলে ধরেছে। কিন্তু বিএনপির কোনো কিছুই পছন্দ হয় না। বিএনপির সবকিছুতেই না।’
আজ শুক্রবার বিকেলে ভোলার বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লাহর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। বাংলাস্কুল মাঠের এ স্মরণসভা বিশাল জনসভায় পরিণত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের নির্বাচনী আইন অত্যন্ত যুগোপযোগী। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। বিএনপি তাদের বক্তব্য তুলে ধরেছে। কিন্তু বিএনপির কোনো কিছুই পছন্দ হয় না। বিএনপির সবকিছুতেই না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা শুধু নির্বাচন কমিশনকে সাহায্য করব। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন। নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বিশ্ববাসীর কাছে তিনি এখন মাদার অব হিউম্যানিটি অর্থাৎ মানবতার মা।

তোফায়েল আহমেদ আরও বলেন, ১৯৯৬ সালের ১১ অক্টোবর বিশিষ্ট মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতা ওবায়দুল হক বাবুল মোল্লাহ তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লাহর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লাহ, ভোলা পৌর মেয়র জেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, বিজিএমইএর সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বিজিএমইএর নির্বাহী সদস্য শহিদুল হক বাবুল মোল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

বর্তমান সরকার ছাড়া কেউ ভোলার গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি
অপর দিকে সকালে ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষ উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের আগে অন্য কোনো সরকারের আমলে ভোলার গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর তাঁর পরামর্শে আমি নিজে উদ্যোগ গ্রহণ করেছি। গ্যাস উত্তোলনে বাপেক্স অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বর্তমানে ভোলায় ১ দশমিক ২ ট্রিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

মন্ত্রী আরও বলেন, ভোলার ভেদুরিয়ায় আরও একটি কূপে গ্যাস সন্ধানের কাজ চলছে। সেখানেও বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই গ্যাস ব্যবহার করে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট চালু হয়েছে। ২২৫ মেগাওয়াটের অপর একটি বিদ্যুৎ প্ল্যান্টের কাজ চলছে এবং আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করে এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। অচিরেই এখানে সার কারখানাসহ আরও অনেক বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় নেতারা।
পরে বিকেলে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।