
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাকেরহাট ডিগ্রি কলেজটি জাতীয়করণের তালিকাভুক্ত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে খানসামা উপজেলা বিএনপির পদত্যাগী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ পররাষ্ট্রমন্ত্রীর হাতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তুলে দিয়ে শতাধিক নেতা-কর্মীসহ আওয়ামী লীগে যোগ দেন। মন্ত্রী হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে বরণ করে নেন।
ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শুধু মিটিং, মিছিল করলে রাজনীতি হয় না। রাজনৈতিক দল হলে নির্বাচনে অংশ নিতে হবে, হেরে গেলেও নির্বাচন করতে হবে। বর্তমান সরকারের নীতি কোনো বিশেষ এলাকার উন্নয়ন নয়, উন্নয়ন হবে সমান্তরালভাবে, পুরো দেশের।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, খানসামা ডিগ্রি কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নেই। পাকেরহাট ডিগ্রি কলেজের চেয়ে শিক্ষার্থীসংখ্যা কম। পাকেরহাট কলেজটি জাতীয়করণ করার ফলে কেবল সদর নয়, পুরো উপজেলার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। উপজেলা বলতে কেবল সদরকে বোঝায় না, পুরো এলাকাকে বোঝায়। খানসামা উপজেলা সদর অনেক উন্নত। তাই ভারসাম্য ঠিক রাখতে পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, খালেদা জিয়া গত নির্বাচনে অংশ না নিয়ে বড় ভুল করেছেন। এখন তাঁরা নিজেরাই তা উপলব্ধি করছেন। নির্বাচন ঠেকাতে না পেরে নির্বাচিত সরকারকে অবৈধ বলেছিলেন তাঁরা। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচিত এ সরকার দেশ-বিদেশে আজ অনেক সুনাম অর্জন করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানেই মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে উন্নয়নের জাদু আছে। সে জাদু হলো মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। তিনি দেশ ও মানুষকে ভালোবাসেন, তাই দেশের আজ ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বে বাংলাদেশের সম্মান এখন অনেক ঊর্ধ্বে। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় সরকার সচেষ্ট। অন্যায়কারী কেউ ছাড় পাচ্ছে না, দেশ শৃঙ্খলার দিকে এগিয়ে চলছে। এ উন্নয়নের অংশীদার দেশের সব মানুষ। আর যাঁরা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাঁরাই সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেন। নিন্দুক তাঁরাই, যাঁরা স্বাধীনতার বিরোধী।
অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমরা নেতা হতে চাই না, এলাকার উন্নয়ন চাই, মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে।’ তিনি দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ আমাদের এ অঞ্চলে যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন, আসুন আমরা তাঁর নেতৃত্বে ঐক্যের পতাকাতলে ঐক্যবদ্ধ হই।’
পাকেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাদাত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো. আবদুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, সহসভাপতি আতোয়ার রহমান ও সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ, কলেজটির উপাধ্যক্ষ উমাপদ অধিকারী প্রমুখ।
এর আগে মন্ত্রী কলেজটির চারতলা ভবনের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন ও কলেজে শেখ রাসেল আইসিটি ল্যাব (তথ্যপ্রযুক্তি গবেষণাগার) উদ্বোধন করেন। পরে ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ঘোষণা করেন।