লোহাগাড়ার চুনতি ইউপির নির্বাচন
বিএনপির সভাপতির বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ!
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ আহমদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর পক্ষে ভোট না চেয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সভাপতির পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
চুনতি ইউনিয়নে বিএনপির প্রার্থী নূর মোহাম্মদ ২৯ মে দক্ষিণ জেলা বিএনপি ও লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি বরাবরে শহীদ আহমদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘শহীদ আহমদ ও আমি বিএনপি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন দেওয়ায় শহীদ আহমদ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন। এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এবং আমার বিপক্ষে তিনি কথা বলছেন।’
অভিযোগের বিষয়ে শহীদ আহমদ বলেন, ‘টাকার বিনিময়ে নূর মোহাম্মদ বিএনপির প্রার্থী হতে পেরেছেন। তাঁর সঙ্গে বিএনপির তৃণমূল পর্যায়ে কোনো যোগাযোগ ছিল না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা একটা ষড়যন্ত্র।’
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রার্থীর অভিযোগের পর জেলা বিএনপি থেকে আমাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শহীদ আহমদকে সভাপতির পদ থেকে বহিষ্কারের সুপারিশ করি।’
তবে চুনতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বলেন, চুনতি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে শহীদ আহমদের মনোনয়ন পাওয়ার কথা ছিল। তবে তিনি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেননি।