
জয়পুরহাটের তিনটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে সদর বাদে আক্কেলপুর আর কালাই—দুই জায়গাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, বিএনপির সাবেক দুই সাংসদের দ্বন্দ্বের জেরে এই বিদ্রোহ। এই দুজন হলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান ও জয়পুরহাট-২ এর সাবেক সাংসদ গোলাম মোস্তফা।
আক্কেলপুরে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম। তিনি সাবেক সাংসদ গোলাম মোস্তফার অনুসারী। এখানে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন মোজাহার আলী প্রধানের অনুসারী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। এই বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, তিনি যোগ্যতর হলেও গোলাম মোস্তফার কারণে দলীয় মনোনয়ন পাননি। গতকাল সোমবার আলমগীর প্রথম আলোকে বলেন, কেন্দ্র তাঁর প্রতি অবিচার করেছে। তাই স্বতন্ত্র নির্বাচন করছেন।
আর জয়পুরহাটের কালাইয়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোজাহার আলীর অনুসারী সাজ্জাদুর রহমান তালুকদার। এখানে আবার বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার অনুসারী কালাই পৌর বিএনপির সহসভাপতি আনিসুর রহমান তালুকদার। আনিসুর প্রথম আলোকে বলেন, প্রথমে তিনি একাই কালাইয়ে প্রার্থী ছিলেন, তাঁকেই মনোনয়ন দেওয়ার কথা। তিনি শুনেছেন মোজাহার আলীসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা মিলে রাতের অন্ধকারে মনোনয়ন পরিবর্তন করেছেন। তিনিও অর্থের লেনদেনের অভিযোগ করেন। আনিসুর বলেন, বিদ্রোহী নন, তিনি স্বতন্ত্র প্রার্থী। কর্মীরা জোর করে তাঁকে প্রার্থী করেছেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন।
বিএনপির কেন্দ্রীয় সূত্র জানায়, এবার পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির সাবেক সাংসদ অথবা সংসদ নির্বাচন করেছেন এমন নেতা, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকদের মতামত নেওয়া হয়েছে। এর বাইরে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের মতামতও ছিল। তবে বেশির ভাগ ক্ষেত্রে সাবেক সাংসদদের মতামতই মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। সাবেক সাংসদদের সঙ্গে দ্বন্দ্বের জের হিসেবেই অনেক জায়গায় বিএনপিতে বিদ্রোহ হয়েছে। আবার কোথাও কোথাও কাজ করেছে জেলা, উপজেলা বা পৌর বিএনপির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব।
৩০ ডিসেম্বর সারা দেশ ২৩৫টি পৌরসভায় ভোট হবে। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এখন সারা দেশে বিএনপির প্রার্থী আছেন ২১৯টি পৌরসভায়। এর মধ্যে ৩২টি পৌরসভায় বিএনপির নেতারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) হয়ে লড়ছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী চান মাহমুদ। বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন এমন একজন নেতা এবার পৌর নির্বাচনের দলীয় প্রার্থী মনোনয়নে মূল ভূমিকা রেখেছেন। বিএনপির মনোনয়ন পাওয়া ওমর ফারুক বিএনপির রাজনীতিতে নতুন। পৌর বিএনপির একটি বড় অংশ তাঁর সঙ্গে নেই। তাঁরা বিদ্রোহী প্রার্থী চান মাহমুদের পক্ষে কাজ করছেন।
রাজশাহীর তানোরে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান। এখানকার বর্তমান মেয়র ফিরোজ সরকার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। চারঘাটে বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম, এখানে সাবেক মেয়র কায়েম উদ্দিন বিদ্রোহী। কাঁটাখালীতে দলীয় মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক নেতা মাসুদ রানা। স্থানীয় নেতা-কর্মীদের অনেকে মনে করেন, দল মনোনীত এই প্রার্থী যথেষ্ট যোগ্য নন। তাঁর চেয়ে যোগ্য অনেক নেতা ছিলেন। এখানে দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করেছেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল হক।
চাঁদপুরে জেলা বিএনপির নেতাদের দ্বন্দ্বের প্রভাবে বিদ্রোহ হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জে। স্থানীয় সূত্রগুলো জানায়, এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আবদুল মান্নান খান। বিদ্রোহী হয়েছেন সাবেক মেয়র হেলাল উদ্দিন। তাঁদের মধ্যে আবদুল মান্নান চাঁদপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ফরিদ আহমদের অনুসারী। আর হেলাল জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হকের অনুসারী। এই দুজনের দ্বন্দ্বের কারণে এখানে বিদ্রোহী হয়েছে বলে মনে করেন স্থানীয় নেতা-কর্মীদের অনেকে। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী হারুণ অর রশীদ। এখানে তাঁর সঙ্গে লড়বেন বিএনপির বহিষ্কৃত নেতা বর্তমান মেয়র মঞ্জিল হোসেন। বহিষ্কৃত হলেও তিনি বিএনপির নেতা হিসেবেই এলাকায় পরিচিত।
পাবনা সদরে বিএনপির প্রার্থী নুর মোহাম্মদ। এখানে প্রার্থী হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। তিনি এখানে বিএনপি রক্ষা কমিটি করেছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্বন্দ্ব রয়েছে। কামরুল হাসান অবশ্য প্রথম আলোকে বলেছেন, তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী নন। তিনি স্বতন্ত্র প্রার্থী। গতবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির কোনো পদে নেই।
অবশ্য পদে না থাকলেও জেলা বিএনপির কার্যালয় এখনো কামরুল হাসানের দখলে রয়েছে।
সুজানগরে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজম আলী বিশ্বাস। এখানে বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস। কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার সময় পৌর বিএনপির কোনো মতামত নেওয়া হয়নি। তিনি সাবেক পৌর মেয়র। পাঁচ বছর ধরে মাঠে ছিলেন। দল থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত নির্বাচনে মাত্র ৮৪৬ ভোট পেয়েছিলেন।