বিএনপির সমাবেশে মানুষের ঢল নামছে: রিজভী
বিএনপির চলমান সমাবেশগুলোতে মানুষের ঢল নামছে বলে মন্তব৵ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘১৪৪ ধারা ভেঙে বেরিয়ে আসছে মানুষ। দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠছে মানুষ।’
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই পাত্তা দেয় না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী, অবিশ্বস্ত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করে দিয়েছিল। এরপর যেকোনো উপায়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত এই সরকারের যতগুলো নির্বাচন হয়েছে, তা ছিল কিম্ভূতকিমাকার ও উদ্ভট।
রিজভী ঘোষণা দেন, কাল বুধবার ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে বিএনপি। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, ২০০৮ সাল থেকে যে গণতন্ত্র হত্যাকারী সরকার ক্ষমতায় বসে আছে, সে ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের আগের রাতে একই কায়দায় মানুষের অধিকার হরণ করা হয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাক্স্বাধীনতায় তালা মেরে দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে।
গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে না সরকার। যদি সরকার বাধা দিত, তাহলে বিএনপির জনসমাবেশে এত লোক এল কীভাবে?’ কাদেরের এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে অস্ত্র হাতে যারা হামলা করেছে, তারা কারা? গণমাধ্যমে খবর বেরিয়েছে, তারা সবাই যুবলীগের কর্মী। তারা তো সবাই যুবলীগের কর্মী। তারা এখনো ধরা পড়ছে না কেন? পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা করে অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গুলি করে আহত করেছে, তারা কারা? গাজীপুরের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল কেন?’