বিএনপির সমাবেশে শরিকদের না থাকা নিয়ে গুঞ্জন
৫ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ২০-দলীয় জোটের শরিক দলগুলোর উপস্থিতি দেখা যায়নি। অনেক দিন পর রাজধানীতে বিএনপির বড় ধরনের এ কর্মসূচিতে শরিকদের কারও না থাকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
সমাবেশের পর কেউ কেউ এমন কথাও বলেছেন যে, জোটের অন্যতম দুই শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট থেকে আপাতত দূরত্ব বজায় রাখতে ৫ জানুয়ারির কর্মসূচি এককভাবে করার সিদ্ধান্ত নেন বিএনপির নীতিনির্ধারকেরা। এ কারণে শরিকদের অন্য কাউকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও জোটের দুজন দায়িত্বশীল নেতা বলেন, এককভাবে সমাবেশ করার পেছনে এই সময়ে কোনো কোনো শরিককে এড়িয়ে চলার কৌশল থাকা অসম্ভব কিছু না।
যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট একসঙ্গে বর্জন করেছিল। এরপর নির্বাচন ঠেকাতে অবরোধ-হরতাল কর্মসূচিও পালন করেছিল জোটবদ্ধভাবে। বিশেষ করে নির্বাচনের সময়ে এবং পরবর্তী সময়ে ৫ জানুয়ারির প্রথম বর্ষপূর্তিকে ঘিরে জোটের কর্মসূচিতে জামায়াত-শিবিরের ভূমিকা ছিল।
৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। আর জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে। দলটি ওই দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। অন্য দলগুলোও মনে করে, এ নির্বাচনের মাধ্যমে ‘গণতন্ত্রকে হত্যা’ করা হয়েছে। তারা গণমাধ্যমে বিবৃতি দিয়ে দিবসটিকে স্মরণ করে।
সমাবেশে জোটের কারও না থাকার বিষয়ে জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, সমাবেশটি ছিল বিএনপির একক কর্মসূচি। সেখানে শরিকদের দাওয়াত করার কথা আসছে কেন। সাধারণত জোটের সভা-সমাবেশ বা কর্মসূচি থাকলে শরিকদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করেন শামীম।
এদিকে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলন করছে বিএনপি জোটের শরিক ইসলামী ঐক্যজোট। বেলা ১১টায় এ সম্মেলন হওয়ার কথা। জানা গেছে, সম্মেলনে বিএনপির কাউকে দাওয়াত করা হয়নি। শরিক দলগুলোর ইফতার ও জাতীয় সম্মেলনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে সাধারণত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অতিথি হিসেবে থাকেন। এ সম্মেলন থেকে তারা বিএনপি জোট ছাড়ার ঘোষণা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
৫ জানুয়ারির সমাবেশের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রথম আলোকে বলেন, সমাবেশটি বিএনপি একলা করেছে। তাই জোটের কাউকে ডাকা হয়নি। জোটের কোনো কোনো শরিক থেকে দূরত্ব বজায় রাখতে এমন কৌশল নেওয়া কি না জানতে চাইলে তিনি বলেন, নিশ্চয় কোনো না কোনো চিন্তা থেকে দাওয়াত করা হয়নি। তবে কর্মসূচি নিয়ে অনেকের সঙ্গে যোগাযোগ ছিল।
বিএনপির নেতারা বলছেন, কোনো কৌশল থেকে এককভাবে সমাবেশ করা হয়নি। জানতে চাইলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিষয়টি তো এমন নয় যে আমরা গত বছর একসঙ্গে এ কর্মসূচি পালন করেছি। বস্তুত ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে জোটবদ্ধ কর্মসূচি নেই।’