৫ জানুয়ারি বরিশালে বিএনপির সমাবেশে হামলার দায়দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে। তারা শুধু বিএনপি অফিসে নেতা-কর্মীদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি, বিএনপির নারী কর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে। রাজনৈতিক পটপরিবর্তন হলে জনগণ এর জবাব চাইবে।
গতকাল বুধবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার।
মজিবর রহমান বলেন, বর্তমান সরকার বড় বড় কথা বলে। কিন্তু তারা ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারে না। ভারতের কথামতো বাংলাদেশ পরিচালিত হচ্ছে। ৫ জানুয়ারি নির্বাচনের পর পৃথিবীর বিভিন্ন দেশ স্বীকৃতি দেয়নি। কেবল ভারত তাদের স্বার্থে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, ’৯৬ সালে জামায়াতকে সঙ্গে নিয়েই আজকের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন।
মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক বক্তব্য দেন।