বিএনপির সম্মেলনে যাচ্ছে না আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি যাচ্ছেন না। আজ শনিবারের এই সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মনোনয়ন বোর্ডের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্ব মনে করে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিএনপিকে সন্ত্রাসীদের দল হিসেবে প্রচার করেছে আওয়ামী লীগ। জামায়াতের সঙ্গে গাঁটছড়ার জন্য দেখা হয়েছে যুদ্ধাপরাধীদের রক্ষাকারী হিসেবে। এই অবস্থায় তাদের সম্মেলনে অংশ নেওয়ার অর্থ হচ্ছে নিজের অবস্থান থেকে সরে আসা।
২০০৯ সালের সর্বশেষ বিএনপির সম্মেলনে অসীম কুমার উকিল ও মৃণাল কান্তি দাসের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছিল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘বিএনপির কাউন্সিলে প্রতিনিধি পাঠানোর বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত নেই। ফলে সেখানে প্রতিনিধি যাচ্ছেন না।’