বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী আ.লীগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, আরও এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী গত শুক্র ও গতকাল শনিবার আওয়ামী লীগে যোগদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, ভেলাবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্কাছ আলী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে নৌকা তুলে দিয়ে মোহাম্মদ আলীর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক প্রমুখ।
অনুষ্ঠানে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাঁকে সাধুবাদ জানাই।’
এদিকে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার মহিষখোচা দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এক সভায় মহিষখোচার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরীর নেতৃত্বে ১২০-১৩০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। ওই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বলেন, ‘সুযোগসন্ধানী ও স্বার্থপররা দল ছেড়ে চলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না। বরং দল আরও উজ্জীবিত হবে। ইতিমধ্যেই আওয়ামী লীগে যোগদানকারীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’