বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব চক্রান্ত: তথ্যমন্ত্রী

বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের যে প্রস্তাব দেওয়ার কথা বলছে, সেটিকে চক্রান্ত হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সহায়ক সরকারের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল করা এবং অস্বাভাবিক সরকার গঠনের ক্ষেত্র তৈরির চক্রান্ত ছাড়া আর কিছু নয়। খালেদা জিয়া ও বিএনপি মামলা থেকে রেহাই পেতে সরকারের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্র তৈরি করতে এসব প্রস্তাবের কথা বলছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন বর্জনের হুমকি গণতন্ত্রকে জিম্মি করার হুমকি। এটা করতে দেওয়া হবে না।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আইনগত নিষ্পত্তি না হওয়াকে ব্যর্থতা হিসেবে মনে করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, এই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে। এর মাধ্যমে সম্প্রচার কমিশন গঠিত হবে। এই কমিশন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে ছাড়পত্র দেবে, তা বাতিলও করতে পারবে। এটা আধা বিচারিক শক্তিশালী সংস্থা হবে।
সাংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন এই বোর্ডের প্রধান হিসেবে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে আইনমন্ত্রীর কাছে। সেটি হলেই বোর্ড গঠন হবে। ইলেকট্রনিক গণমাধ্যমকে নতুন ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। সাইবার অপরাধ দমন আইন হচ্ছে জানিয়ে হাসানুল হক বলেন, এই আইন হলে পর্যালোচনা করে যদি দেখা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রয়োজন নেই, তবে বাতিল করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী।