বিএনপির সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব। এটি একটি চক্রান্তের পাতা ফাঁদ।

আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের এক সমাবেশে হাসানুল হক ইনু এ কথা বলেন। সারা দেশ থেকে আসা নেতা-কর্মীদের উদ্দেশে সমাবেশে তিনি সভাপতির বক্তব্য দেন।
বিএনপির নাম উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, যখনই তারা বিপদে পড়ে, তখনই তারা গণতন্ত্রের ছাতা তোলে, নির্বাচনকে ব্যবহার করে। আজ যখন নির্বাচন সামনে, তখন খালেদা জিয়া ও বিএনপি নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে আরেকটি চক্রান্তের প্রস্তাব হাজির করেছে—তা হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব।
ক্ষমতাসীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বলব এক নির্বাচিত সরকার থেকে আরেক নির্বাচিত সরকারের মাঝখানে অনির্বাচিত সরকার গঠন করার যেকোনো প্রস্তাব চক্রান্তের প্রস্তাব। এটি সংবিধানবহির্ভূত এবং ষড়যন্ত্রের প্রস্তাব। সহায়ক সরকারের প্রস্তাবের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং এর কোনো কাঠামো নেই।’
হাসানুল হক ইনু নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব বলে মন্তব্য করে বলেন, ‘আমি মনে করি, এ ধরনের অস্বাভাবিক সরকার গঠনের প্রস্তাব বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার প্রস্তাব। এই প্রস্তাব হচ্ছে নির্বাচন ভন্ডুল এবং চক্রান্তের একটি পাতা ফাঁদ। এ ফাঁদে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তি যদি পা দেয়, তাহলে তারা বিপদে আত্মহত্যা করবে। কারণ এটা একটা গলার ফাঁস। সুতরাং আমরা এটা গ্রহণ করতে পারি না।’
জাসদের সভাপতি বলেন, এখন জঙ্গি দমনের যুদ্ধ চলছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে মোড় বদলের কয়েকটি ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে জাতির করণীয় কী? সে প্রশ্ন তুলে তিনি বলেন, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান যেমন অপরিহার্য, তেমনি জঙ্গিবাদ ও জঙ্গির সঙ্গীকে রাজনীতির মাঠ থেকে বর্জন ও বিদায় করাও অপরিহার্য।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া জঙ্গি ও যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। বিএনপি আগাগোড়া একটি সাম্প্রদায়িক সন্ত্রাসী দল। তারা গণতন্ত্রকে ছাতা হিসেবে ব্যবহার করে। বিপদে পড়লে গণতন্ত্রের ঝান্ডা তোলে। এই নির্বাচন বা কোনো অজুহাতে জঙ্গি ও জঙ্গির সঙ্গীর সঙ্গে আপস, সমঝোতা বা মিটমাটের সুযোগ নেই।
ইনু বলেন, ‘আমরা জঙ্গি ও সন্ত্রাসীদের এক নম্বর আপদ মনে করি। সে জন্য মহাজোটে আছি। জঙ্গিরা এত ভয়াবহ হতে পারত না, যদি বিএনপি ও খালেদা জিয়া জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক ও সঙ্গী না হতেন। সুতরাং জঙ্গি যদি এক নম্বর বিপদ হয়, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির বড় বিপদ হচ্ছে জঙ্গির সঙ্গী বিএনপি ও খালেদা জিয়া।’ তিনি আরও বলেন, যদি জঙ্গিমুক্ত বাংলাদেশ চান, তাহলে জঙ্গি দমনের যুদ্ধে শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করতে হবে। ঠিক তেমনি জঙ্গির সঙ্গী বিএনপি ও খালেদার মানুষ মারার মামলা, হত্যা-খুনের মামলা, দুনীতির মামলার প্রশ্নেও শূন্য সহিষ্ণু নীতি গ্রহণ করতে হবে। কোনো ছাড়া দেওয়া যাবে না।
সমাবেশে তথ্যমন্ত্রী সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, উন্নয়ন চমৎকার হচ্ছে। ছোঁয়া যায়, দেখা যায়। আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না। কিন্তু উন্নয়নের সুফল গরিবের ঘরে যেতে হবে। পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ হলেও বিভিন্ন স্তরে স্তরে দুর্নীতি হচ্ছে, দলবাজি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটা চলতে পারে না।
সরকারের এই মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে পাকিস্তানি হেফাজত-জামায়াতের ভূতরা এখনো ক্রিয়াশীল। জাসদ পাঠ্যপুস্তক সাম্প্রদায়ীকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলের বিয়ে দেওয়ার পক্ষে না জাসদ। রামপাল বিদ্যুৎ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রামপালে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। আমরা পরিবেশ রক্ষাও করব, বিদ্যুৎও উৎপন্ন করব। আমাদের অবস্থান পরিষ্কার, পরিবেশের স্বার্থ ছাড় দিয়ে কোনো প্রকল্পই আমরা অনুমোদন করি না। এ ব্যাপারে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করার সুযোগ রয়েছে।’ তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, সহসভাপতি মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান, আফরোজা হক প্রমুখ।