বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা তানভীর আহমেদ গাজীপুর কমিটিতে

দীর্ঘ এক দশক পর বিএনপির কমিটিতে ঠাঁই পেলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে তাঁকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এর আগে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আহ্বায়ক, কালিয়াকৈর পৌর সভার মেয়র মুজিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং কাজী সাইয়েদুল আলম বাবুলকে সদস্যসচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দিয়েছেন।
২০১১ সালে চৌধুরী তানভীর আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তাঁর বড় ছেলে ইরাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন, বিএনপিকে সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তাঁর কাছে অর্থ চেয়েছিলেন। পরে ওই অভিযোগকে কেন্দ্র করে স্থায়ী কমিটিসহ দলের সদস্যপদ হারান তানভীর আহমেদ।
জিয়াউর রহমানের সরকারের সময় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও গাজীপুর জেলা বিএনপির এ নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিকভাবে যুক্ত হলেন।