নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পুকুর থেকে স্কুলছাত্র মোরছালীনের (১৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিহত ছাত্রের বাবা কেন্দ্রীয় আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী বাদী হয়ে গিয়াস উদ্দিন, তাঁর তিন ছেলেসহ ১৩ জনকে আসামি করে মামলা করেছেন।
এদিকে এ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি শাকিল ও ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অপর আসামিরা হলেন গিয়াস উদ্দিনের ছেলে ফয়সাল, সাদরিল, সানবির, গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হীরাঝিল এলাকার আকরাম, নূরু মিয়ার ছেলে মিঠু, নয়াআটি মুক্তিনগর এলাকার কুদ্দুসের ছেলে স্বপন, পাইনাদী নতুন মহল্লা এলাকার রফিকের ছেলে পাভেল, হীরাঝিল মসজিদ গলির আবদুল হকের ছেলে শাকিল, হীরাঝিল স্মরণী হাউজিং এলাকার মানিকের ছেলে ওমর, মনিরুল ইসলাম রবির ছেলে পিতুল, স্বাধীন ও সোনারগাঁ থানার পানাম নগর এলাকার ইমরান।
মামলার এজাহারে বাদী আমির হোসেন উল্লেখ করেন, গিয়াস উদ্দিনের পূর্ব পরিকল্পনা ও হুকুমে অন্য আসামিরা গত রোববার দুপুর ১২টার পর থেকে সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার আগে যেকোনো সময় মোরছালীনকে হত্যা করা হয়। এরপর লাশ গিয়াস উদ্দিনের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরের পুকুরে ফেলে দেওয়া হয়।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, মোরছালীন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার এরিবস ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। রোববার দুপুর ১২টার পর বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হীরাঝিল এলাকার গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের ভেতরের পুকুরে লাশ দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। খবর পেয়ে বাদী ও তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন। লাশের ডান চোখে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত ঝরছে দেখে পুলিশ ও নিহতের স্বজনেরা নিশ্চিত হয়েছেন মোরছালীন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে। তিনি ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের মালিকানাধীন পুকুর থেকে আওয়ামী ওলামা লীগের নেতা আমির হোসেনের ভান্ডারীর ছেলে মোরছালীনের লাশ উদ্ধার করে পুলিশ।