বিএনপির সামনে দুই চ্যালেঞ্জ: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপির সামনে এখন দুই চ্যালেঞ্জ। একটি হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বের করে আনা। আরেকটি, আন্দোলন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।
আজ শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার বিচারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসনকে বেশি দিন কারাগারে আটকে রাখতেই সরকার ‘ছলচাতুরী’র আশ্রয় নিয়েছে। তিনি বলেন, রায় হয়েছে ৮ ফেব্রুয়ারি। রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার গেল—এখন পর্যন্ত রায়ের কপি পাওয়া যায়নি। তিনি বলেন, ‘এই যে ছলচাতুরী, এটা করার অর্থই হলো যে যত দিন পারা যায়, একটা দিন যদি বেশি রাখা যায় বেগম জিয়াকে জেলখানায়।’
মওদুদ আহমদ দাবি করেন, এসব কর্মকাণ্ডে সরকারের জনপ্রিয়তা কমছে। তিনি বলেন, ‘যখনই রায়ের নকল পাব, আমরা আপিল ফাইল করব। আপিলের সঙ্গে সঙ্গে আমরা তাঁর জামিন চাইব। আমরা বিশ্বাস করি, পাঁচ বছরের সাজার মেয়াদে জামিন এমনিতেই হয়ে যাবে।’ সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বন্দী করে সরকার রাজনৈতিক সমঝোতার পথও দূরে ঠেলে দিয়েছে।
সরকারের দমন-পীড়নের বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘দমন-পীড়ন করে সরকার যদি মনে করে যে দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে গেছে, এটা তারা মারাত্মক ভুল করবে। তারা (সরকার) বুঝতে পারছে না দেশের মানুষের মনের অবস্থা। সুষ্ঠু নির্বাচন হলে এবার আওয়ামী লীগের খবর আছে।’