বিএনপির সেই প্রার্থীরও মনোনয়ন বাতিল
মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের কাউকে প্রার্থী করতে না পেরে বিএনপি যাঁকে প্রার্থী করেছিল তাঁর মনোনয়নও আজ রোববার বাতিল হয়ে গেছে। তাঁর নাম শামসুর রহমান। কয়েক দফা বৈঠক করেও সেখানে বিএনপির কোনো নেতাকে নির্বাচন করতে রাজি করাতে পারেনি বিএনপি।
এ ছাড়া মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে দুজনের ও মীরকাদিম পৌরসভায় আরও একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শনিবার ও আজ রোববার দুই দিনে দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই করে বিভিন্ন কারণে এই চারজনের মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়ন বাতিল হওয়া অন্য তিনজন হলেন মীরকাদিম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামান হোসেন এবং মুন্সিগঞ্জ পৌরসভায় দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম ও জালাল উদ্দিন রাজন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী শামসুর রহমানের পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর রেজাউল ইসলাম তাঁর বিরুদ্ধে মামলার তথ্য গোপন করায় এবং জালালউদ্দিন ও জামান হোসেন তাঁদের সমর্থনে ১০০ জন ভোটারের সাক্ষর পূর্ণ করতে না পারায় তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র পদে এখন ৪ জন এবং মীরকাদিম পৌরসভায় ৪ জন প্রার্থী রয়েছেন। কাউন্সিলর পদে মীরকাদিমে ৩০ জন প্রার্থী ও মুন্সিগঞ্জে ৩৭জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মীরকাদিমে ১০ জন ও মুন্সিগঞ্জে ৯ জন প্রার্থী রয়েছেন।