বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সিদ্ধান্ত জানানো হবে সংবাদ সম্মেলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত পৌনে নয়টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ছবি: বিএনপির সৌজন্য
সোমবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত পৌনে নয়টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ছবি: বিএনপির সৌজন্য

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার চার দিন পর আজ সোমবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত পৌনে নয়টায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠক চলাকালে বিএনপির মহাসচিব অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানাতে বলেন।

তিন মাস পর ১৮ অক্টোবর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। পরদিন তিনি দুর্নীতির দুটি মামলায় আদালত থেকে জামিন নেন। রোববার রাতে খালেদা জিয়া সফরকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক ডাকেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।