বিএনপির হাতিয়ার হচ্ছে ষড়যন্ত্র: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণ হয়ে গেছে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয়। কাজেই আজকে বিএনপির হাতিয়ার হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের হাতিয়ার নিয়ে তারা এগিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা এখন পরিষ্কার। ১৯ বার তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এটা ২০তম অপচেষ্টা। নতুন বিমান, নাট-বল্টু ঢিলা। এটাও আরেকটা চক্রান্ত।’
দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনের আর বেশি দেরি নয়, এ জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দলকে একটি সুশৃঙ্খল, কলহ-কোন্দলমুক্ত শক্তি হিসেবে আমাদের তৈরি হতে হবে। দলের মধ্যে কেউ বিপথগামী হলে সংশোধন করা হবে। সংশোধন করা সম্ভব না হলে তাকে দল থেকে বের করে দিতে হবে, এর কোনো বিকল্প নেই।’