বিএনপির ১০, আওয়ামী লীগের ৩ মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি-মনোনীত মেয়র পদপ্রার্থীদের মধ্যে গতকাল রোববার আরও ছয়জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ নিয়ে দলটির মোট ১০ জনের প্রার্থিতা বাতিল হলো। আর আওয়ামী লীগের তিনজনের প্রার্থিতা বাতিল হয়।
শনিবার থেকে প্রার্থিতা যাচাই-বাছাই শুরু হয়। গতকাল শেষ দিন পর্যন্ত সারা দেশে মোট ১০৮ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে গতকাল ৭৮ জন ও আগের দিন ৩০ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
গতকাল প্রার্থিতা বাতিল হওয়া ৭৮ জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী প্রার্থী ও বিএনপির ১৮ জন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়া জামায়াতের আটজন নেতার মনোনয়নপত্র গতকাল বাতিল হয়।
সারা দেশ থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে।
গতকাল মেয়র পদে বিএনপির মনোনীত যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা হলেন নজীবউদ্দৌলা নাসের (মহেশপুর, ঝিনাইদহ), অলিউর রহমান (মৌলভীবাজার), শামসুর রহমান (মীরকাদিম, মুন্সিগঞ্জ), তৌফিকুল ইসলাম (গোপালগঞ্জ), এস এস এ ছোবহান (ধনবাড়ী, টাঙ্গাইল) ও গোলাম কিবরিয়া চৌধুরী (গোলাপগঞ্জ, সিলেট)। আর শনিবার বাতিল হওয়া বিএনপির চার মেয়র প্রার্থী হলেন চাঁদপুরের ছেংগারচরে সারোয়ারুল আবেদীন, ফেনীর পরশুরামে মোস্তাফিজুর রহমান, ফেনী পৌরসভায় ফজলুর রহমান ও কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় গোলাম মুহাম্মদ রাব্বানী।
আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাঁরা হলেন রফিকুল ইসলাম (শরীয়তপুর সদর), হুমায়ুন কবির ছৈয়াল (ডামুড্যা) ও খন্দকার মঞ্জুরুল ইসলাম (ধনবাড়ী, টাঙ্গাইল)।
ঋণখেলাপি, তথ্য গোপন, সই জালসহ আরও কিছু কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের (আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল করতে পারবেন।
বিএনপির প্রার্থী বাদ, মাঠে আ.লীগ: ক্রেডিট কার্ডে ঋণ থাকায় যাচাই-বাছাইয়ে গত শনিবার বাদ পড়েন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় বিএনপি-মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। এখানে জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া জামায়াত নেতার মনোনয়নও বাতিল হয়ে গেছে।
আপিলে এসব প্রার্থী মনোনয়ন ফিরে না পেলে আওয়ামী লীগের প্রার্থীর একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবেন একই দলের বিদ্রোহী প্রার্থী। এখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন বর্তমান মেয়র মিজানুর রহমান। আর বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ নেতা ও বর্তমান কাউন্সিলর ইমাম হোসেন পাটোয়ারী।
বার্ষিক আয়কর বিবরণীর রসিদ জমা না দেওয়ার কারণে মৌলভীবাজার সদর পৌরসভায় বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
অবশ্য অলিউর রহমান বলেন, তিনি রিটার্ন জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন। সেই আবেদন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে। সেটি ফাইলে পাওয়া যায়নি। তাঁকে বাদ দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে।
মীরকাদিমে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী শামসুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে পৌর কর পরিশোধ না থাকায়।
গোপালগঞ্জ সদরে বিএনপির প্রার্থী তৌফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয় আয়কর রিটার্নের সঙ্গে হলফনামায় দেওয়া তথ্যের গরমিল থাকায়। অবশ্য তৌফিকুল ইসলাম অভিযোগ করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উদ্দেশ্যমূলকভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আর ফেনীর পরশুরাম ও চাঁদপুরের ছেংগারচরে বিএনপির প্রার্থীরা আপিলে প্রার্থিতা ফিরে না পেলে এ দুটি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
শরীয়তপুরে বিদ্রোহীর কপাল খুলেছে: ঋণখেলাপি হওয়ায় শরীয়তপুর সদরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ অবস্থায় এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ তালুকদারকে গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ডেকে আনা হয়।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রফিকুল ইসলামের প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। তাই বিদ্রোহী প্রার্থীকে ডেকে আনা হয়েছে। শেষ পর্যন্ত তাঁকেই দলের সমর্থন দেওয়া হতে পারে। তবে তিনি নৌকা প্রতীক পাবেন না।
শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ার কারণে ডামুড্যা পৌরসভায় সরকারি দলের প্রার্থী হুমায়ুন কবিরের মনোনয়ন বাতিল হয়েছে। অবশ্য আওয়ামী লীগের নেতারা মনে করছেন, আপিলে তিনি টিকে যাবেন।
টুঙ্গিপাড়ায় আছে কেবল আ.লীগের প্রার্থী: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা। তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০ জনের সই করা যে তালিকা জমা দেওয়া হয়েছে, তাতে একই নম্বরে দুজনের নাম থাকায় গতকাল তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
ফোরকান বিশ্বাস দাবি করেন, কারসাজি করে উদ্দেশ্যমূলকভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে। তিনি আপিল করবেন।
অবশ্য আপিলে ফোরকান বিশ্বাস ফিরে আসতে না পারলে এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ধনবাড়ীতে দুই দলই বাদ: আয়কর সনদ জমা না দেওয়ায় টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম ও বিএনপির এস এস এ ছোবহানের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। সেখানে এখন জাতীয় পার্টির প্রার্থী ও স্বতন্ত্র একজন প্রার্থী টিকে আছেন।