বিএনপির ৩৭ নেতার পদত্যাগের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় নিষ্ক্রিয়তার অভিযোগে ইউনিয়ন বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল উপজেলা কমিটি। এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩৭ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শ ম তারিকুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ছগির হাওলাদারকে মনোনয়ন দেন। তার পরেও দলের নেতারা ধানের শীষের পক্ষে কাজ করছেন। ১১ মার্চ রহস্যজনক কারণে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দলের প্রার্থীর পক্ষে নিষ্ক্রিয়তার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ঘটনাকে তুষখালী ইউনিয়ন বিএনপিকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন, সহসভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সলিম পঞ্চায়েতসহ ৩৭ জন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে ছগির হাওলাদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘তুষখালী ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে এমনটা আশা করিনি। দলীয় শৃঙ্খলা ভেঙে সংবাদ সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’