আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এর পর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন।
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আজ দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পথে-ঘাটে শুধু লাশের মিছিল। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
খালেদা জিয়া বলেন, ‘এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা, স্বাধীনতা রক্ষায় বিএনপি তার ভূমিকা পালন করে চলেছে। জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে দলের নেতা-কর্মীদের নিয়ে ফাতিহা পাঠ করবেন। বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও সকালে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের জন্য বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।